মহান বিজয় দিবস উপলক্ষ্যে আশার আলো ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আশার আলো ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

উজিরপুর/বানারিপাড়া প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে আশার আলো ফাউন্ডেশন।

আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয়ের মাসে উজিরপুর ও বানারিপাড়া এলাকার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ কল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটির প্রতি বছরের নিয়মিত মানবসেবা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

২০১১ সালে প্রতিষ্ঠিত আশার আলো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সহায়তায় নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজয়ের মাসে শীতবস্ত্র বিতরণ সংগঠনটির একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ বলেন,“উজিরপুর ও বানারিপাড়া এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হলো মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকা, তাদের মুখে হাসি ফোটানো এবং কষ্ট লাঘবে এগিয়ে আসা।”

সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুঈন বলেন,“এই শীতবস্ত্র বিতরণ শুধু একটি সাময়িক সহায়তা নয়; বরং এটি আমাদের পক্ষ থেকে মানুষের জন্য একটি উপহার। আমরা চাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনুক।”

এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মৃধা মোহাম্মদ আলামিন, ইঞ্জিনিয়ার জালিস মাহমুদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আজিজুল হক,আব্দুল মান্নান (সুমন),  নাদিম মৃধা ও দিলীপ রায়  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি জসিমউদ্দীন মৃধা, মোঃ সজিব মৃধা, নাজমুস সাকিবসহ অনেকেই আর্থিক সহায়তা প্রদান করেন।

কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয় ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন  মোঃ নাঈম মৃধা, মোঃ জাহিদূল ইসলাম জিসান, হাফেজ মোঃ মুইন,মোঃ সবুজ মৃধা, নাজমুস সাকিব,ইমরান হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাসুম হোসেন, আশিক মৃধা ,মেহেদী মৃধা পাশাপাশি স্থানীয় আরও অনেকে।

উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ রাশেদুল হাসান মহাসিন তার বক্তব্যে বলেন,
“আশার আলো ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতেও এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বিস্তৃত পরিসরে সম্প্রসারিত হবে।”

স্থানীয়রা আশার আলো ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একে সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। আগামীতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।