বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা সভাপতি আকন মিলন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিশান নির্বাচিত
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বরিশালবাসীদের অন্যতম সামাজিক ও কল্যাণমূলক সংগঠন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া–এর ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সুয়ান সিটিতে আয়োজিত এক নির্বাচনী সভা ও নির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্বনির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয় এবং কমিশনের তত্ত্বাবধানে সদস্যদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে আকন মিলন এবং সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন নিশান নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইমরান হোসেন, অর্থ সম্পাদক হিসেবে পনিরুল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসেবে আবির মাহমুদ নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ কায় খশ্রু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি জনাব হাবিল উদ্দিন মহোদয়। তিনি তার বক্তব্যে সংগঠনের অতীত কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণে এই কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী সাইদুর রহমান মিঠু। তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি পর্যালোচনা করে নতুন নেতৃত্ব সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে—এমন প্রত্যাশা সবার। তিনি প্রবাসী সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচনী সভায় উপস্থিত বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্ব প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে এবং কমিউনিটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং প্রবাসে বরিশালবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কমিটির সফলতা কামনা করে উপস্থিত সদস্যরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।














