বরিশাল-২ আসনে বিএনপিকে সুসংগঠিত করার অগ্রদূত সরফুদ্দিন সান্টু
বরিশাল
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপিকে সুসংগঠিত ও পুনর্গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বগুণে ইতোমধ্যেই এ অঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির দুর্দিনে যখন আওয়ামী লীগের বিভিন্ন হামলা ও গায়েবী মামলায় তৃণমূল নেতাকর্মীরা হয়রানির শিকার হন, তখন সরফুদ্দিন সান্টু তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক, আইনি ও নৈতিক সহায়তা দিয়ে দলের প্রতি আস্থা ও ভরসা অটুট রেখেছেন। নেতাকর্মীদের ভাষায়, ‘দল যখন বিপদে, তখনই সত্যিকারের নেতৃত্বের প্রয়োজন হয়। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সরফুদ্দিন সান্টু।’
তিনি একাধারে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে তার নানা উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহায়তায় তার অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত।
বরিশাল-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা সরফুদ্দিন সান্টুকে প্রার্থী হিসেবে দেখতে চান। ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তুলেছেন। তাদের মতে, উন্নয়ন ও তৃণমূলের শক্তিকে একত্রিত করতে সরফুদ্দিন সান্টুর বিকল্প নেই।
এ প্রসঙ্গে সরফুদ্দিন আহমেদ সান্টু এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং উজিরপুর-বানারীপাড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণকে সাথে নিয়ে উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।’
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরফুদ্দিন সান্টুর জনপ্রিয়তা শুধু বিএনপি সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষও তার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দানশীলতার কারণে তাকে সমর্থন করে। তিনি বিভিন্ন সময়ে গরিব-দুঃখী মানুষের চিকিৎসা, শিক্ষার খরচ ও দুর্যোগকালীন সহায়তা দিয়ে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-২ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির শক্তিশালী অবস্থান রয়েছে। সঠিক নেতৃত্ব ও সংগঠনের মাধ্যমে এ আসন পুনরুদ্ধার সম্ভব। সেই লক্ষ্যেই সরফুদ্দিন সান্টুর মতো তৃণমূল জনপ্রিয় নেতার প্রয়োজনীয়তা বেশি বলে মনে করছেন তারা।
নেতাকর্মীরা বিশ্বাস করছেন, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বরিশাল-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আর সেই বিজয়ের নেপথ্যের কারিগর হবেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু।












