দক্ষিণ কোরিয়ায় ইসোর ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
দক্ষিণ কোরিয়ায় ইসোর ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো)–এর ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ জানুয়ারি, রবিবার, দক্ষিণ কোরিয়ার হোসাংসি শহরের বিয়ংজম মাল্টিকালচারাল সেন্টারে সকাল ১১টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আকন মিলন–এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ইসোর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— HRD কোরিয়া কর্তৃক ইপিএস কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র (KBIZ)-এর প্রশিক্ষক শেখ মুরাদ হোসাইন, ই–৯ ট্রাভেলস–এর স্বত্বাধিকারী মাসুদ মিয়া, সিলেট কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান বশির, হানপাস রেমিট্যান্স–এর কান্ট্রি ম্যানেজার সাদিয়া আফরিন, এছাড়াও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে অতিথিবৃন্দ ইসোর পাশে থেকে সংগঠনটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে ইসো কমিউনিটির সম্মানিত উপদেষ্টা সাইদুর রহমান মিঠু এবং কোরিয়ান উপদেষ্টা লি ইয়ংগুন (ইসানিম)–এর উপস্থিতিতে সদ্য বিদায়ী সভাপতি মোবাশশের হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মুহাম্মদ ফয়সাল আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি আল আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব বর্মন–এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এছাড়াও নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শেখ মুরাদ হোসাইন ও সাবেক সভাপতি মোবাশশের হোসেন। অনুষ্ঠানে ইসোর বিগত বছরের কার্যক্রম ও অর্জনসমূহ সংক্ষেপে তুলে ধরা হয়। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি আল আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব বর্মন তাঁদের বক্তব্যে বলেন, বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ইসোকে একটি শক্তিশালী, মানবিক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ইপিএস কর্মীদের সার্বিক কল্যাণে ইসো সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।













