উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হলো শরিফ ওসমান হাদীকে!
গত শুক্রবার দুর্বৃত্ত বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদী। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার জটিলতা বাড়তে থাকায়চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল টিমের সিদ্ধান্তে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চললেও চিকিৎসকদের মতে,তার জন্য আরও উন্নত ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিশেষ ব্যবস্থায় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে নেওয়া হয়। যাত্রাপথে তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডের একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার ও শুভানুধ্যায়ীরা।












