সাতলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনবিহীন প্রসাধনী বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সাতলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনবিহীন প্রসাধনী বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ রাখা, কোম্পানি থেকে প্রাপ্ত ফ্রি স্যাম্পল বিক্রি এবং অনুমোদনহীন ভারতীয় প্রসাধনী বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে লায়বা ফার্মেসিমনি মেডিকেল হল–এ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফ্রি স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। উভয় প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাহিয়া কসমেটিকস নামক দোকানে অনুমোদনবিহীন ভারতীয় প্রসাধনী, বিশেষ করে নাইট ক্রিম ‘ডিউ ল’সহ অন্যান্য অবৈধ পণ্য বিক্রি করা হচ্ছিল। এই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন,সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং চালাই। মেয়াদোত্তীর্ণ ঔষধ বা অনুমোদনবিহীন পণ্য বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। কেউই এ ধরনের অপরাধ থেকে রেহাই পাবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযান চলাকালে উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. ইলিয়াস উদ্দিন আহমেদউজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন,এই ধরনের অভিযান অনৈতিক ব্যবসায়ীদের সতর্ক করবে, এবং সাধারণ মানুষ নিরাপদ পণ্য পাবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাতলা ও আশপাশের বাজারে নিয়মিত নজরদারি চালানো হবে। বিশেষ করে ঔষধ, খাদ্যপণ্য এবং প্রসাধনী বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। অভিযানের পর স্থানীয় ব্যবসায়ীদেরও সতর্ক করে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনবিহীন কোনো পণ্য মজুদ বা বিক্রি করা যাবে না।